স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে আগামী তিন মাসের মধ্যে বড় পরিসরে নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘‘সাড়ে ৭ হাজার নার্স, আড়াই হাজার চিকিৎসকসহ বিভিন্ন পদে মোট ৪৩ হাজার ৩৯০ জনকে নিয়োগ দেওয়া হবে।’’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘‘দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভুগছে। বর্তমানে দেশে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের বিপরীতে মাত্র একজন চিকিৎসক বা নার্স রয়েছেন। সীমিত জনবল নিয়েই স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।’’
জনবল সংকট নিরসনে বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৮০ শতাংশ পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে মিডওয়াইফ ও পরিচর্যাসেবা-সংশ্লিষ্ট পদগুলোতে নারীদের অগ্রাধিকার থাকবে।’’
তিনি বলেন, ‘‘অতীতের অনিয়ম দূর করে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’’ সিলেটের নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও শিগগির চালু করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
পরে বেলা ১১টার দিকে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শনে যান।
এর আগে সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









