পিরোজপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান খানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর এজিএস ফেরদৌস আল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনার পাশাপাশি একটি পরিকল্পনা থাকতে হবে। নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। একই সঙ্গে বাবা-মায়ের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, কোনো বাবা-মাকে যেন জীবনের শেষ সময়ে বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি পিতামাতা ও শিক্ষকের দোয়া নেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, প্রধান আলোচক সিবগাতুল্লাহ সিবগা বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফল গুরুত্বপূর্ণ হলেও শুধু সার্টিফিকেট অর্জন করলেই একজন মানুষ পূর্ণাঙ্গভাবে সফল হয় না। মেধার সঙ্গে নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে।তিনি বলেন, অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগিয়ে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









