উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ময়মনসিংহ জেলা ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নতুন কমিটি গঠিত হয়।
শনিবার (৫ আগস্ট) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে জেলা ইউনিটের আজীবন ও বাৎসরিক সদস্যগণের সরব উপস্থিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার উদ্বোধনী অধিবেশনে রেড ক্রিসেন্ট ময়মনসিংহ জেলা ইউনিটের চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মোফাখ্খারুল ইসলাম রানা।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের জেলা ইউনিটের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম, সদস্য অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, ফরিদা ইয়াসমিন পারভীন, ডা. মোহাম্মদ আলী, কৃষিবিদ সাহাদাত হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোফাখ্খারুল ইসলাম রানা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শুধু একটি সংগঠনের নাম নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি আস্থার নাম। দুর্যোগ, বন্যা, অগ্নিকান্ড, ঘূর্ণিঝড় কিংবা যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোই রেড ক্রিসেন্টের মূল আদর্শ।
ডা. রানা সংগঠনের কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানবিক সেবার পরিধি বাড়াতে স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় ও প্রশিক্ষিত করতে হবে। এজন্য ময়মনসিংহে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি নিজস্ব স্থায়ী কার্যালয়, হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূল দর্শন। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের জীবন ও জীবিকা রক্ষায় কাজ করাই এ সংগঠনের প্রধান দায়িত্ব। ময়মনসিংহ একটি বিস্তৃৃত জেলা। শহরের পাশাপাশি প্রত্যান্ত ও দুর্গম এলাকার মানুষের কাছেও রেড ক্রিসেন্টের সেবা পৌঁছে দিতে হবে। এজন্য একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।
এদিকে সাধারন সভার দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ এইচ হাবিব খান। এতে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুস সোবহান। অধিবেশনে নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করে।
নবনির্বাচিতরা হলেন চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স (পদাধিকারবলে), ভাইস চেয়ারম্যান অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, সদস্য- ডা. মোফাখ্খাররুল ইসলাম রানা, অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, অধ্যাপক ডা. সাইদুর রহমান, অধ্যাপক শেখ আমজাদ আলী এবং কাজী রানা।
১১ সদস্য বিশিষ্ট এই কমিটির বাকি ৩ জন সদস্য কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে জানা গেছে।
এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী তিন বছরে ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিট মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









