সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন যুবক অংশ নিচ্ছেন।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই অংশ হিসেবে বেকার যুবসমাজকে এ কারিগরি প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে, যেন তারা আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে পারে এবং সীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর জীবন গড়তে পারে। ভবিষ্যতেও বিজিবির এমন কল্যাণমুখী তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









