লিটার হিসেবে ৫ লিটার তেল কিনেও ওজনে মিলছিল না কাঙ্ক্ষিত পরিমাণ। ক্রেতাদের এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলিলিটার করে কম দেওয়ার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ায় এক ভোজ্যতেল বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর মোল্লাবাড়ি মোড় এলাকার মেসার্স আরেফিস ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স আরেফিস ট্রেডার্স থেকে মেপে ৫ লিটার তেল কেনা হলেও তাতে ২০০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। ভোক্তা অধিকারের তদারকি টিম ওজনে এই জালিয়াতির সত্যতা প্রমাণ করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদ নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন অনিয়ম করবেন না মর্মে অঙ্গীকার করেন।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অসাধু ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে কঠোর বার্তা দেওয়া হয়েছে; ভবিষ্যতে একই অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









