ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় নিহতের ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আমিনবাজারের বরদেশী মদিনা সিটি এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি ওই এলাকায় নিজের ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে কারখানার কাছেই ভাড়া বাসায় ফিরছিলেন আলতাফ। একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখে তিনি এগিয়ে যান। এ সময় আলতাফ প্রতিবাদ করলে ওই যুবকরা তাকেও মারধর করেন।
প্রাণ বাঁচাতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে কারখানার ভেতরে ঢুকেন। পরে ওই যুবকরা আরও ১৫-২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায়। তারা কারখানায় ঢুকে মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং আলতাফ ও তার ছেলে মো. আরিফকে পিটিয়ে চলে যায়।
পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আরিফ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রকৃত কারণ ও হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ‘‘আমিনবাজার এলাকায় এক এসবি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









