ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ধসে আয়েশা নামে চার বছরের এক শিশুর নিহত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে আনুমানিক উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা, সিদ্দিক ও ফারজানা দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধীতপুর এলাকার নানা মন্তাজের বাড়িতে মাটির ঘরে ঘুমিয়ে ছিল শিশু আয়েশা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মাটির দেয়াল ধসে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত আয়েশার বাবার বাড়ি উপজেলার বিরুনিয়া এলাকায়। সে তার মা ফারজানার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থ সিদ্দিক স্ত্রী ও সন্তানকে নিয়ে কিছুদিন ধরে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। আজ এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। পরে আহত সিদ্দিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









