রাজনৈতিক দলগুলোকে হানাহানি ও সংঘর্ষের পথ পরিহার করে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ কিংবা রক্তপাত দেখতে চান না তিনি। দেশে সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠিত হোক—এটাই তার প্রত্যাশা। যারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করেন, তাদের সমর্থন করার কথাও জানান তিনি।
তিনি বলেন, দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক বিভেদ থাকা উচিত নয়। সবাইকে বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে।
রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, হানাহানি কিংবা সংঘর্ষের মাধ্যমে নয়, বরং পারস্পরিক আলাপ-আলোচনা ও সমঝোতার মধ্য দিয়েই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
যুবসমাজের প্রতিও বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, তরুণদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। শুধু চাকরি কিংবা ঠিকাদারির পেছনে না ছুটে নিজেদের সক্ষমতা ও ভবিষ্যৎ গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সহমর্মিতা থাকবে।
সবশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে জীবনের বিনিময়েও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রপতি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









