লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল নাতি-নাতনি ও দাদার।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের শাকচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইব্রাহিম পাটোয়ারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বৃদ্ধ আবু সিদ্দিক (৭০), নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার(৬)। নিহতদের পরিবার সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির মৃত আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। নিহত পিয়াস তার (সিদ্দিকের) ছেলে আব্দুল আজিজের ছেলে ও পপি তার মেয়ে সুমি আক্তারের কন্যা।
স্থানীয়রা জানায়, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। পরে বৃদ্ধ পানিতে নেমে ডুব দেয়। কিন্তু দীর্ঘক্ষণ তিনি পানির নিচ থেকে উঠেননি। একপর্যায়ে নাতি পিয়াস ও নাতনি পপি তাকে পানিতে খুঁজতে গিয়ে তারাও ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘন্টা পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, আবু সিদ্দিক পানিতে ডুব দিয়ে স্ট্রোক করেছেন। যার কারণে তিনি ডুব দিলেও আর উঠতে পারেননি। এতে তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও পানিতে ডুবে মারা যায়।
শাকচর ইউপি সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, ‘‘একই পরিবারের তিনজন মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।’’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









