জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে এনসিপির রাজনৈতিক কর্মসূচি নিয়ে শেখানোর প্রয়োজন নেই। এনসিপি নিজেদের কর্মসূচি নিজেরাই নির্ধারণ করবে। তারা জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপি এনসিপির কর্মসূচিকে লং মার্চ, রোড মার্চ বা লং ড্রাইভ—যেভাবেই অভিহিত করুক, এনসিপি নিজেদের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিজেই নেবে। বিএনপি বিরোধী দল হিসেবে তাদের সময়ে ব্যর্থ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। এনসিপির কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করা হলে এর ফল ভালো হবে না বলেও সতর্ক করেন সারজিস।
বাকস্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি তাদের এক নেতার বক্তব্যের ভাষা নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে সমালোচনার কারণে মামলা ও গ্রেপ্তারের অভিযোগ তুলে তিনি বলেন, এটি বাকস্বাধীনতার দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সিফাতের প্রসঙ্গে সারজিস বলেন, তার ব্যবহৃত গালিকে এনসিপি সমর্থন করে না। তবে তার বিরুদ্ধে করা মামলাটিকে তিনি ‘মিথ্যা’ ও বানোয়াট’ বলে দাবি করেন।
জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মাইনুল আহসান মুন্নার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শামীম হামিদী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ সিকদারসহ অন্যান্য নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









