মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশাল আকৃতির একটি সেগুন গাছ চুরি হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে উদ্যানের জানকিছড়া সংলগ্ন শ্রীমঙ্গল-ভানুগাছ প্রধান সড়কের পাশ থেকে এই সেগুন গাছ চুরি হয়।
প্রায় ৭ ফুট বেড়ের এই গাছটির আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। অভিযোগ রয়েছে, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে মূল্যবান এই গাছটি পাচার করা হয়েছে।
ভানুগাছ বাজারের এক পথচারী জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে একটি হলুদ রঙের ‘ডায়না’ ট্রাক চৌমুহনীর দিকে যেতে দেখা যায়। ত্রিপল দিয়ে ঢাকা ট্রাকটির ওপর লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বসা ছিলেন। এছাড়া গাড়িটির ঠিক সামনে মোটরসাইকেলে চড়ে দুজনকে পাহারা দিয়ে যেতে দেখেছেন তিনি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার রাতে জানকিছড়া গেটে দায়িত্বে ছিলেন সিপিজি সদস্য বাবুল। অন্যদিকে, লাউয়াছড়া প্রধান ফটকে বিট কর্মকর্তা নিজে টহল পুলিশের একটি দল নিয়ে ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশরীরে উপস্থিত ছিলেন। এত কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে সড়কের পাশ থেকে বিশাল গাছটি কেটে নিয়ে গেল চোরচক্র, সে বিষয়ে কোন উত্তর পাওয়া যায়নি এ কর্মকর্তার কাছ থেকে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘‘গাছ চুরির বিষয়টি জানতে পেরেই আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হয়ে যাওয়া মূল্যবান সেগুন কাঠ উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’’
তিনি আরও জানান, এই চুরির সঙ্গে বন বিভাগের ভেতরের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে, তার বিরুদ্ধে কঠোর আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









