ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ভোররাত সাড়ে চারটার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ জন শিক্ষার্থী বার্ষিক আনন্দ ভ্রমণে একটি বাসে করে বরিশাল থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর শিক্ষার্থীরা তাদের ভ্রমণ বাতিল করে ফিরে যান।
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন— যাওয়াৎ, ফেরদৌস, কৌশী, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় শিক্ষার্থীদের উদ্ধার করে। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আঘাতপ্রাপ্ত ৯ জনকে তৎক্ষণাৎ ঢাকায় পাঠানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









