পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযানে অস্ত্র ও ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের সরদার মো. দুলাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংএর মাধ্যম্যে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত দুলাল মিয়া খায়ের ঘটিচোরা গ্রামের (৫ নম্বর ওয়ার্ড) মৃত আব্দুল খালেক সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে ঝালকাঠির একটি স্বর্ণের দোকানে ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, সারা দেশে চলমান বিশেষ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান চালায়। এসময় আন্তঃজেলা ডাকাত দলের সরদার মো. দুলাল মিয়াকে গ্রেপ্তার করে। পরে দুলাল মিয়ার হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ম্যাগাজিনবিহীন একটি পিস্তল এবং লাল কসটেপে মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার দুলাল মিয়া একজন চিহ্নিত আন্তঃজেলা ডাকাত সরদার। অভিযানের পর তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









