নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেছেন, শিশু হত্যাসহ গত ১৭ বছরে গুম-খুনের সঙ্গে জড়িতদের মধ্যে এখনো কোনো অনুশোচনা দেখা যায়নি। বরং তারা বুক ফুলিয়ে কথা বলছে। এসব ঘটনার প্রতিবাদেই ফারহান ফাইয়াজের মতো স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহিদ ফারহান ফাইয়াজ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারাবো পৌর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, ‘যারা শিশু হত্যা করেছে, যারা ১৭ বছর ধরে গুম-খুন করেছে, তাদের ভেতর এখনো বিন্দুমাত্র অনুশোচনা জাগেনি। তারা এখনো বুক ফুলিয়ে কথা বলে।’ তিনি দাবি করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির প্রায় পাঁচ হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।
তিনি বলেন, এসব অন্যায়-অবিচারের কারণেই ফারহান ফাইয়াজের মতো শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিল। রাজপথে তারা জীবন ও রক্ত দেওয়ার ক্ষেত্রে পিছু হটেনি।
বিএনপি আজীবন জুলাই আন্দোলনের যোদ্ধাদের পাশে থাকবে উল্লেখ করে এমপি দিপু বলেন, ‘জুলাই যোদ্ধাদের পরিবার যেন মনে করে, বিএনপি তাদের পরিবার।’
শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার। এ সময় শহিদ ফারহান ফাইয়াজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









