সড়ক দুর্ঘটনা রোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা এবং চালক ও পথচারীদের মাঝে ট্রাফিক আইন মানার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে মাসব্যাপী ‘ট্রাফিক সচেতনতা কার্যক্রম’ শুরু হয়েছে। ‘সচেতন ড্রাইভিং, নিরাপদ কুষ্টিয়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় কুষ্টিয়া ট্রাফিক অফিস মজমপুর রেলগেট চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। মজমপুর রেলগেট চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত চালক, হেলপার, যাত্রী ও সাধারণ পথচারীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনা কেবল একটি পরিবারের জন্য সারাজীবনের কান্না নয়, এটি সামগ্রিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের দায়িত্বশীল ভূমিকা সবচেয়ে বেশি। চালকদের ড্রাইভিং করার সময় শতভাগ মনোযোগ ধরে রাখতে হবে। কোনো অবস্থায় ক্লান্ত বা ঘুম চোখে গাড়ি চালানো যাবে না। সড়ক ও মহাসড়কে যেকোনো দুর্ঘটনা এড়াতে সকল প্রকার ট্রাফিক আইন এবং ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে মেনে চলতে হবে।”
পুলিশ সুপার মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তার বিষয়ে কড়া বার্তা দিয়ে আরও বলেন, “মোটরসাইকেল চালানোর সময় চালক ও পিছনের আরোহী-উভয়ের জন্যই মানসম্মত হেলমেট পরিধান করা বাধ্যতামূলক। আইন মানার অভ্যাস নিজের নিরাপত্তার স্বার্থেই গড়ে তুলতে হবে।” একই সাথে তিনি জেলা জুড়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ নাগরিক ও পরিবহন সংশ্লিষ্ট সকলকে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠান থেকে জানানো হয়, মজমপুর রেলগেট চত্বরের প্রধান উদ্বোধনের পাশাপাশি আজ সকাল থেকে কুষ্টিয়া জেলার ৭টি থানাতেই একযোগে এই ট্রাফিক সচেতনতা কার্যক্রমের সূচনা করা হয়েছে। থানা এলাকাগুলোতে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক টিমের সমন্বয়ে মাসজুড়ে এ সচেতনতামূলক কার্যক্রম, লিফলেট বিতরণ ও মাইকিং অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) কাজী হাসানুজ্জামান, কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা ট্রাফিক পুলিশে কর্মরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









