সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে বছরে ৬০ ঘণ্টা বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পাবনা কালেক্টরেটের ১৭-২০তম গ্রেডের কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরা ইয়াসমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল ইসলাম, কালেক্টরেট কর্মচারী সমিতির সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, এনডিসি সুবীর নন্দী সরকার নয়ন, আরডিসি সালমা আক্তার এবং গাজী মোহাম্মদ দিদারুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “সরকারি কর্মচারীরা জনগণের সেবার প্রথম সারির কর্মী। দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীরা সরকারি বিধি-বিধান, অফিস ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়ন সম্পর্কে আরও সমৃদ্ধ হবেন। একজন দক্ষ কর্মচারী একটি দপ্তরের কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”
তিনি বলেন, “শুধু নিয়ম জানাই যথেষ্ট নয়, নিয়মের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি। জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সময়মতো সেবা প্রদানই একজন সরকারি কর্মচারীর প্রধান দায়িত্ব।”
প্রশিক্ষণে ১৭-২০তম গ্রেডের কর্মচারীদের সরকারি দপ্তরের বিভিন্ন নিয়ম-কানুন, অফিস ব্যবস্থাপনা, শৃঙ্খলা, আচরণবিধি, নথি ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









