পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা ইএসপি ইনস্টিটিউশন বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে ছাগল ঢুকে পড়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লিটন শেখের বিরুদ্ধে। অভিযুক্ত লিটন শেখ গুয়ারেখা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্ত লিটন শেখের বিচার ও শাস্তির দাবিতে বিদ্যালয় মাঠে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সুতারের অভিযোগ, গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে কয়েকটি ছাগল শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। ছাগলগুলো শ্রেণিকক্ষে মলমূত্র ত্যাগ করায় পরিবেশ নষ্ট হয়। পরে শিক্ষার্থীরা ছাগলগুলোকে বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে অসদাচরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
প্রধান শিক্ষক আরও জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য বিএনপির স্থানীয় নেতাদের জানানো হয় এবং উভয়পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করা হয়। তবে ঘটনার দিন রাতে লিটন শেখ মোবাইল ফোনে তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে লিটন শেখ বলেন, ‘‘বিদ্যালয়টি তার বাড়ির পাশে হওয়ায় আকস্মিকভাবে তার পালিত পাঁচটি ছাগল বিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। পরে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ছাগলগুলোকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ‘ছাগলের খোয়াড়ে’ দিয়ে আসে। পরে তিনি সেখান থেকে ছাগলগুলো ছাড়িয়ে নিয়ে আসেন।’’
তিনি জানান, বিদ্যালয় চলাকালীন সময়ে দপ্তরির মাধ্যমে ছাগলগুলো বাইরে বের করে দেওয়া যেত। কিন্তু তা না করে শিক্ষার্থীদের দিয়ে দূরে নিয়ে যাওয়ায় তাদের পড়াশোনার ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষককে বললে তিনি উল্টো তাকে শাসিয়েছেন বলে দাবি করেন লিটন শেখ।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মুজিবুর রহমান বলেন, ‘‘স্কুলে ছাগল ঢোকাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আগামীকাল সকাল ১০ ঘটিকার সময় দুই পক্ষকে ডেকেছি। তাদের মুখে বিস্তারিত শুনে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই।’’
নেছারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম বলেন, ‘‘এ ব্যাপারে আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









