একদিকে চলছিল রাউজান উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার জয়িতা বসুর বিদায় সংবর্ধনা, অন্যদিকে হাসপাতালের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে চলছিল তার বিরুদ্ধে খামারিদের প্রকল্প আত্মসাৎ ও দুর্নীতি অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবিতে খামারীদের মানববন্ধন। এমন পরিস্থিতিতে পুলিশি পাহাড়ায় রাউজান ছাড়েন সদ্য বিদায়ী রাউজান উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার জয়িতা বসু।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এমন ঘটনা ঘটেছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের সামনে।
মানববন্ধন কর্মসূচীতে অভিযোগ আনা হয় বদলি হওয়ার পর হাসপাতালের এসি খুলে নিয়ে গেছেন প্রাণি সম্পদ কর্মকর্তা। একই সঙ্গে সরকারি আসবাবপত্র বিক্রি করে দিয়েছেন। এছাড়া তিনি যোগদানের পর থেকে নানা অনিয়মের অভিযোগ তুলেন খামারিরা। তারা প্রকল্প আত্মসাৎ ও দুর্নীতি অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
খামারীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আসিফ, মনছুরুল হাসান চৌধুরী, সালাউদ্দিন, আলমগীর, রত্না মুহুরী, মোহাম্মদ আলী আকরব সহ আরও অনেকে।
এদিকে রাউজান উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার জয়িতা বসুর নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “বিদায়ী প্রাণি সম্পদ কর্মকর্তা ফোন করে বলেন, আমার অফিসে ঝামেলা হতে পারে। আমাকে একটু হেল্প করেন। পরে আমরা পুলিশ পাঠিয়েছিলাম। আসলে কি ঘটেছিল তা আমাকে জানায়নি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









