শেরপুরের নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচজন পাখি শিকারীর কাছ থেকে শিকারের সরঞ্জাম ও দশটি বক উদ্ধার করা হয়। পরে বকগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী উপজেলার নকলায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগ এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ২ নং নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা গ্রামের ওই পাখি শিকারীরা আর ভবিষ্যতে বকসহ অন্যান্য পাখি শিকার করবে না এবং করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া যাবে মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে। পরে তাদেরকে নকলা উপজেলা যুবদলের সদস্য সচিব মুরাদুজ্জামান মাছুমের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
অভিযান পরিচালনার সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিসহ স্বেচ্ছাসেবী এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। এবং এ অভিযানের বিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









