পাবনায় উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে নেতাকর্মীর অংশগ্রহণে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাহারি রঙের শাড়ি, দলীয় ক্যাপ ও ব্যাজ পরিহিত নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার নাজ।
বক্তারা বলেন, মহিলা দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলামের নেতৃত্বে সার্বিক সহযোগিতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন পারভীন মুক্তি, পৌর সভানেত্রী ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক বৃষ্টি খাতুন, নারী নেত্রী সোহানা শিউলিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









