পটুয়াখালীর দশমিনায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবাসহ দুই কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজার ও রজ্জবিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহাসনাবাদ এলাকার মৃত মো. আলমগীরের ছেলে সিয়াম (১৫), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর এলাকার নুহু আমিন হাওলাদারের ছেলে আমির হামজা (১৯) এবং পার্শ্ববর্তী বাউফল উপজেলার কালাইয়া এলাকার মৃত মো. দেলোয়ার হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৫৭)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বহরমপুর ইউনিয়নের আমতলা বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কের কাছে অভিযান চালায়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে আমির হামজা ও সিয়ামকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে একই এলাকার রজ্জবিয়া দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় জামাল হাওলাদারকে আটক করা হয়। তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









