নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতিকালে দুইটি দেশীয় পাইপগান, দুইটি চাপাতি ও একটি রামদাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন সংবাদিকদের এ সব তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন—রাসেল বেপারী ও তার ছেলে জুয়েল বেপারী।
বুধবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল বেপারী ও জুয়েল বেপারীকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরি পাইপগান, দুইটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার বাবা-ছেলেকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘‘অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









