পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. মামুন হোসাইন ওরফে বাবলু জোমাদ্দারকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তিগত সহায়তায় বুধবার (৮ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বাবলু জোমাদ্দার কাউখালী উপজেলার নীলতি গ্রামের আব্দুল বারেক জোমাদ্দারের ছেলে। তিনি একটি চেক জালিয়াতির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া ২০২৪ সালে কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তিনি ৮ নম্বর পলাতক আসামি ছিলেন।
কাউখালী থানার এএসআই মহিউদ্দিন ও এসআই খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করে কাউখালী থানায় নিয়ে আসে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত বাবলু জোমাদ্দার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি। তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









