রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার, উক্ত এলাকায় সড়কের খানাখন্দ মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি গোরহাঙ্গা রেলগেট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে নির্মাণাধীন ফ্লাইওভারের অগ্রগতি, সড়কের বর্তমান অবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থাসহ সার্বিক বিষয় সরেজমিনে পর্যালোচনা করেন।
এ সময় রাসিক প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইওভার নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি নাগরিক দুর্ভোগ লাঘবে গোরহাঙ্গা রেলগেট ও আশপাশের এলাকার সড়কের খানাখন্দ দ্রুত মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
রাসিক প্রশাসক বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাকে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ফ্লাইওভারগুলোর নির্মাণ কাজ স্থবির হয়েছিল। আমি দায়িত্ব নিয়েই ফ্লাইওভারগুলোর কাজ দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছি। নির্মাণ কাজ শেষ হলে নাগরিকদের জন্য তা উন্মুক্ত করা হবে। নগরবাসীর চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন নাগরিক দুর্ভোগ নিরসনে সিটি কর্পোরেশন গুরুত্ব দিয়ে কাজ করছে।’’
তিনি আরো বলেন, ‘‘ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সকল ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হবে। সকলের সহযোগিতায় আমরা ডেঙ্গুমুক্ত নগরী গড়তে কাজ করে যাচ্ছি।’’
পরিদর্শনকালে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম আহম্মেদ হোসেন মাসুম, রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন সহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









