নতুন ছবিতে একেবারেই নতুন অবতারে হাজির হচ্ছেন ইয়ামি গৌতম। আসন্ন ফ্যান্টাসি-ফ্যামিলি এন্টারটেইনার ‘নয়্যি নাভেলি’-র টিজার প্রকাশ পেয়েছে আজ। টিজারেই মিলেছে ছবির মজার, রহস্যময় আবহের আভাস।
গল্পের শুরু একটি সাধারণ পরিবারের ঘরোয়া পরিবেশে। হঠাৎ পরিবারের নতুন বউকে নিয়ে সন্দেহ প্রকাশ করে তার দেবর। বলে ওঠে, ‘ভাবি ডাইনি হ্যায়—ভাবি ডাইনি’।
এরপরই পর্দায় আসে ইয়ামি গৌতম। চোখে মুখে রহস্য, কথায় রসিকতা। তার সংলাপ, ‘শুধু ডাইনি? দুটো ডাইনি, তিনটে পিশাচ আর চারটে ভূত তো আমি নাশতায়ই খেয়ে ফেলি।’ টিজারটি যে ভয় আর হাসির মিশেলে তৈরি, এই সংলাপেই তার ইঙ্গিত স্পষ্ট।
‘নয়্যি নাভেলি’ পরিচালনা করেছেন বালাজি মোহন। চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও দিব্য নিধি শর্মা। আনন্দ এল রাই ও শর্মার প্রযোজনায় কালার ইয়েলোর সঙ্গে অ্যামাজন এমজিএম স্টুডিওসের এটি প্রথম যৌথ কাজ। ছবির সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার।
সাম্প্রতিক সময়ে ‘হক’ ও ‘আর্টিকেল ৩৭০’-এর মতো ছবিতে ইয়ামিকে দেখা গেছে গম্ভীর চরিত্রে। ‘নয়্যি নাভেলি’তে সেই পরিচিত ছক ভেঙেই আসছেন তিনি। সর্বশেষ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে।
দশেরায় মুক্তির কথা রয়েছে ‘নয়্যি নাভেলি’র। টিজার বলছে, এবার ইয়ামির সঙ্গে দর্শকদের দেখা হতে পারে ভয়, ফ্যান্টাসি আর হাসির এক অদ্ভুত মিশ্রণের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









