সুনামগঞ্জের মধ্যনগরে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মধ্যনগর সদর ইউনিয়ন বিটের উদ্যোগে উপজেলার টুকের বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। মধ্যনগর থানা পুলিশ এ সভার আয়োজন করে।
মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দীন শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি এ কে এম সাহাবুদ্দীন শাহীন বলেন, ‘‘সামাজিক নানা অপরাধ নির্মূলে পুলিশ ও সাধারণ মানুষের মেলবন্ধন জরুরি। মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও গুজবের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ মুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।’’
সভাপতির বক্তব্যে ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটু বলেন, ‘‘আমাদের এলাকাকে অপরাধমুক্ত রাখতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।’’ যেকোনো অপরাধের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









