মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষধর মনোক্লেড কোবরা (গোখরা) সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কমলগঞ্জ পৌর এলাকার পানিশালা গ্রামের মুজাহিদ মঞ্জিল (জাপানি বাড়ি) থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জাপানপ্রবাসী মুজাহিদ আলীর পরিবারের সদস্যরা বিকেলে বসতঘরের সিঁড়ির নিচে একাধিক সাপের উপস্থিতি দেখতে পান। একসাথে বেশ কয়েকটি সাপের বাচ্চা দেখে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বিষয়টি বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিঁড়ির নিচ থেকে একে একে পাঁচটি মনোক্লেড কোবরার বাচ্চা নিরাপদে উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘‘উদ্ধার করা সাপগুলো মনোক্লেড কোবরা, যা অত্যন্ত বিষধর। পরিবারটির সদস্যরা সময়মতো খবর দেওয়াতে কোনো ঝুঁকি ছাড়াই সাপগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।’’
রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ বলেন, ‘‘ঘটনাস্থল থেকে উদ্ধার করা পাঁচটি সাপের বাচ্চাই মনোক্লেড কোবরা হিসেবে শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের জন্য সাপগুলো শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা সাপের বাচ্চাগুলোকে উপযুক্ত ও নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









