গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান পশ্চিমপাড়া এলাকায় অটো গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন এলাকার মোঃ ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ সোহাগ (২৭) এবং অটো গ্যারেজের মালিক মোঃ সুজন মিয়া (৩৩)।
নিহত সোহাগের বাবা মোঃ ওয়াজ উদ্দিন জানান, তাঁর ছেলে মাজুখান পশ্চিমপাড়ায় মোঃ সুজন মিয়ার অটো গ্যারেজ থেকে ইজিবাইক ভাড়ায় নিয়ে চালাতেন।বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে সোহাগ গ্যারেজে গিয়ে অটোর চার্জার বিচ্ছিন্ন করার সময় বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনের সঙ্গে আটকে যান। বিষয়টি দেখতে পেয়ে গ্যারেজের মালিক সুজন মিয়া তাকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় গ্যারেজ মালিকের স্ত্রী মোছা. শিখা আক্তার বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয়রা সোহাগ ও সুজনকে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়,সংবাদ পেয়ে নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









