ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামের আরও এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা ২১ মিনিটে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর (আব্দুল্লাহপুর) গ্রামের কাজল রেখার ছেলে। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের জনক ছিলেন। অন্যদিকে আহত সাজ্জাদ সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকার রবিউল আউয়ালের ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এ সময় মোটরসাইকেলচালক হৃদয় ঘটনাস্থলেই মারা যান এবং আহত সাজ্জাদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে নিহত যুবকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মিলে মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত হৃদয় একজন প্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে তিনি ছুটি নিয়ে দেশে এসেছিলেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই তার কর্মস্থল সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তার সব পরিকল্পনা কেড়ে নিল।
সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালকদের সবসময় নির্ধারিত গতিসীমা মেনে চলা, চালক ও আরোহী উভয়ের জন্য মানসম্মত হেলমেট ব্যবহার এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









