“ক্রীড়া শক্তি, ক্রীড়া বল—মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিত যুবকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামমোহন উচ্চ বিদ্যালয় মাঠে এই জমজমাট ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় দুই দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করলেও নির্ধারিত সময় শেষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখে। খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়।
খেলাটি পরিচালনা করেন রেয়াজুল শেখ ও জামীল শেখ। এতে বিবাহিত দলের নেতৃত্ব দেন শাকিম মোল্লা এবং অবিবাহিত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন অমিন ফকির।
এই প্রীতি ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সামাদ শিকদার।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য। মাদক নয়, তরুণদের হাতে থাকতে হবে খেলার বল। সমাজের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। আমি সবসময় তরুণদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখার ওপর জোরালো গুরুত্বারোপ করেন তিনি। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি এমন চমৎকার আয়োজন করার জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এলাকায় নিয়মিত খেলাধুলার এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









