মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের (মৌলভীবাজার রোড) ৬ নং পুল সংলগ্ন এলাকায় সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় বিপন্ন প্রজাতির একটি ‘মুখপোড়া হনুমানের’ মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সিএনজি চালক অখিল মালাকার রাস্তার পাশে আহত অবস্থায় হনুমানটিকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি এগিয়ে এসে আহত হনুমানের মুখে পানি দেন এবং বাঁচানোর বিভিন্ন চেষ্টা করেন।
পরে বিষয়টি তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমানটিকে উদ্ধার করেন। এরপর তাকে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হনুমানটিকে মৃত বলে ঘোষণা করেন।
পরবর্তীতে মৃত মুখপোড়া হনুমানটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কার্যালয়ে কর্মরত জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম বলেন, মৃত হনুমানটির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এরপর বন বিভাগের নিয়ম অনুযায়ী মাটিচাপা দেওয়া হবে।
মুখপোড়া হনুমান বর্তমানে বাংলাদেশের একটি বিপন্ন বন্য প্রাণী। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় এ প্রজাতিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বনভূমি সংকুচিত হওয়া এবং মানুষের হস্তক্ষেপের কারণে এই প্রজাতিটি এমনিতেই হুমকির মুখে, তার ওপর এমন দুর্ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। দেশের সীমিত কয়েকটি চিরসবুজ বনাঞ্চলের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান এদের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









