হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, সিলেটমুখী এনা পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৩৬২) ও ঢাকামুখী একটি পিকআপের (ঢাকা মেট্রো-ন-২২-১৫৫৭) ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপে থাকা অজ্ঞাত পরিচয় প্রায় ৩০ বছর বয়সী এক পুরুষ ঘটনাস্থলেই মারা যান। নিহতের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি রেকারের মাধ্যমে সরিয়ে নেয়। পরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









