মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে আওয়ামী লীগ পালিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের যৌথ কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা পালিয়ে গেলেও অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য ও শিক্ষাসহ রাষ্ট্রের প্রতিটি খাতকে ধ্বংস করে দিয়ে গেছে। বর্তমান সরকার জনগণের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করতে এসব খাতের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষকদের সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কৃষির উন্নয়ন ঘটলেই দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বর্তমান সরকারের মাত্র ৭ মাস সময়কাল উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এই স্বল্প সময়ে সবকিছু একেবারে ঢেলে সাজানো সম্ভব নয়, এর জন্য কিছুটা সময়ের প্রয়োজন। তবে বিএনপি সরকার জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।
বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়নের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা. জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজু।
সভা শেষে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পৌর বিএনপির ৯টি ওয়ার্ড ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









