সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দরে শুরু হয়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। এ উপলক্ষে তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলা পরিষদের কনফারেন্স রুম ‘ইছামতি’তে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে চিরিরবন্দরেও এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির আওতায় ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফতেহা তুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আরিফা পারভীন, উপজেলা আইসিটি অফিসার মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মেজবাউল ইসলাম, নশরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব, অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল কাজী এবং চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরসেদ উল আলম।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোথাও পানি জমে না থাকতে দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









