নাটোরের সন্তান ও কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএসএ)-এর নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ ঘানার সাবেক রাষ্ট্রপতি Nana Akufo-Addo-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ঘানার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকারী নানা আকুফো-আদ্দো আফ্রিকান অঞ্চলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি বর্তমানে বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আগত Commonwealth Observer Group-এর নেতৃত্ব দিচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে গণতন্ত্র, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত।
শেখ রিফাদ মাহমুদ Commonwealth Students Association-এর ভাইস প্রেসিডেন্ট এবং SRI Welfare Foundation-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষার্থীদের অধিকার, সুযোগ সম্প্রসারণ এবং যুব নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি জাতিসংঘের যুব পরামর্শক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষার্থী ও যুব নেটওয়ার্কে সক্রিয় ভূমিকা রাখছেন।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন, তরুণদের অংশগ্রহণ এবং শিক্ষিত ও সচেতন যুবসমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে কমনওয়েলথের যুব কার্যক্রম, আফ্রিকা ও এশিয়ার যুবকদের দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার কৌশল ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সাক্ষাৎকালে শেখ রিফাদ মাহমুদ সাবেক রাষ্ট্রপতিকে সৌজন্য উপহার প্রদান করেন। তিনি বলেন, বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে, যা তরুণ সমাজের জন্য দিকনির্দেশক হবে। তরুণদের ক্ষমতায়ন, শিক্ষার প্রসার এবং আন্তর্জাতিক সংহতি জোরদারে এ ধরনের বৈঠকের গুরুত্ব অপরিসীম।
এ সময় কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ইলেক্টোরাল সাপোর্ট শাখার প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ ও সহকারী রিসার্চ অফিসার সার্থক রায় উপস্থিত ছিলেন। তারা যুব নেতৃত্ব, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন।
নাটোরের সন্তান শেখ রিফাদ মাহমুদ স্থানীয় ও জাতীয় পর্যায়ে তরুণ নেতৃত্বের জন্য পরিচিত। শিক্ষার্থী অধিকার, নারী ও শিশু ক্ষমতায়ন, যুব উদ্যোক্তা উন্নয়ন এবং পরিবেশ সচেতনতায় তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। সিএসএ’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন ও নীতি উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









