যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের পদ অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় যশোর-বেনাপোল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা সড়ক অবরোধ করে শহিদুল ইসলাম শহীদের পদ অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাকে স্বপদে বহালের দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে শার্শা উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর তারা সড়ক থেকে সরে গিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যান।
সমাবেশে বক্তারা বলেন, শহিদুল ইসলাম শহীদ দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। তার বিরুদ্ধে কী কারণে পদ অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নেতাকর্মীদের কাছে স্পষ্ট নয়। কোনো কারণ দর্শানো ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
শার্শা উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, শার্শার প্রভাবশালী জননেতা আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ সমাবেশ। শহিদুল ইসলাম শহীদ শার্শার বিএনপির একটি প্রাণ। বিএনপিকে ধ্বংস করার জন্য কোনো ষড়যন্ত্র করা হলে তা মেনে নেওয়া হবে না।
উলাশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুর রহমান শফি বলেন, কী কারণে তার পদ স্থগিত করা হলো, আমরা জানি না। শহীদের মতো নিবেদিতপ্রাণ নেতা শার্শায় আর একজনও নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দলের জন্য যে ত্যাগ ও খরচ তিনি করেছেন, তা আমরা দেখেছি। এখন দলের সুদিনে তাকে প্রত্যাহার করে দেওয়া হবে, এটা আমরা কখনোই মানব না।
শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. পিন্টু বলেন, “শার্শা উপজেলা যুবদলের নেতা আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমরা চাই কেন্দ্রীয় যুবদল বিষয়টি পুনর্বিবেচনা করে তাকে স্বপদে বহাল করুক। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা তার ডাকে সাড়া দিয়েছেন। আজকের উপস্থিতিই তার জনপ্রিয়তার প্রমাণ।
সমাবেশে বক্তারা আরও বলেন, দলীয়ভাবে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র বা অন্যায় সিদ্ধান্ত নেওয়া হলে তা প্রতিহত করা হবে। শহিদুল ইসলাম শহীদের পদ অব্যাহতির সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এদিকে বিক্ষোভ চলাকালে যশোর-বেনাপোল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে নেতাকর্মীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









