পাবনার চাটমোহরের আলোচিত আব্দুল বারেক ওরফে বারেক (৩৬) হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিসি-২ পাবনা।
গ্রেপ্তারকৃতরা হলেন চাটমোহর উপজেলার সাজনাই দক্ষিণপাড়া গ্রামের মোছা. রেশমা খাতুন (৩০) ও তার স্বামী মো. রবি মোল্লা (৪২)। এর মধ্যে রেশমা খাতুন মামলার ৬ নম্বর এবং রবি মোল্লা ১ নম্বর এজাহারভুক্ত আসামি।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার আরামবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রেশমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদীর ভাদুর বটতলা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে একই মামলার প্রধান আসামি রবি মোল্লাকে আটক করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৯ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে চাটমোহর উপজেলার পাশডাঙ্গা ইউনিয়নের সাজনাই এলাকায় রবি মোল্লার বাড়ির সামনে পূর্বশত্রুতার জেরে আব্দুল বারেকের ওপর হামলা চালানো হয়। এ সময় এজাহারভুক্ত আসামিসহ কয়েকজন তাকে লোহার রড, কাঠের খাইটা, কাঠের বাটাম ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় বারেকের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের চাচা ওয়াহাব আলী প্রামাণিক বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রবি মোল্লা ও রেশমা খাতুনসহ ১০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে চাটমোহর থানার মামলা নম্বর-০২ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ আরও জানায়, সন্ত্রাস, হত্যা ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









