রংপুরের গঙ্গাচড়ায় আরিফা বেগম (২১) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চিল্লানির মাজার এলাকায় স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফার নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নেওয়া হয়।
আরিফা দক্ষিণ কোলকোন্দ চিল্লানির মাজার এলাকার শামীম মিয়ার স্ত্রী। তিনি এক কন্যাসন্তানের জননী। আরিফার পরিবারের অভিযোগ, ২০২৪ সালে ১৩ বছর বয়সে শামীমের সঙ্গে পালিয়ে বিয়ে হয় আরিফার। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হতো। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে যৌতুক হিসেবে ২ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। এরপরও আরিফাকে নির্যাতন করা হতো বলে অভিযোগ তাদের।
আরিফার মা রওশন বেগম অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে ওরা হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’ তিনি আরও বলেন, ‘আমার নাতনিকে খুঁজে পাচ্ছি না।’ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আরিফার শাশুড়ি আফরোজা বেগম ঢাকার লাকসামে ছিলেন। ঘটনার দুই দিন আগে তিনি বাড়িতে আসেন। আরিফার ননদ শিমুও ঘটনার সময় ওই বাড়িতে ছিলেন বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।
ঘটনার পর আরিফার স্বামী শামীম ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









