লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশন পাটগ্রাম কর্তৃক আয়োজিত প্রাথমিক ও ইফতেদায়ী বৃত্তি সম্মাননা ও সীরাত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আবু সাইদ অডিটোরিয়ামে উপজেলার প্রাথমিক ও ইফতেদায়ী বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা দেওয়া হয়।
পাটগ্রাম বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আকবার বিন আফসার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, পাটগ্রাম পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মাননা অনুষ্ঠানে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে বিসমিল্লাহ ফাউন্ডেশন এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মেধাবীদের আরও অনুপ্রেরণা যোগাবে এবং সেই সাথে অভিভাবকরা যাতে পরবর্তী শিক্ষা কার্যক্রমে মেধাবীদের শিক্ষার এই অর্জন ধরে রাখতে পারে সেজন্য খেয়াল রাখার পরামর্শ প্রদান করে।
বিসমিল্লাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল আকবার বিন আফসার বলেন, পাটগ্রামে পাথমিক ও ইফতেদায়ী এত শিক্ষার্থীর মাঝে এর আগে সংবর্ধনার আয়োজন করা হয়নি। আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশে ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে আজকে যে আয়োজন করতে পেরেছি তা অত্যন্ত আনন্দের ও গর্বের। তিনি আরও বলেন, এ ধরনের প্রোগ্রাম বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা প্রাথমিক ও ইফতেদায়ী বৃত্তিপ্রাপ্ত ১৭০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও একটি করে গাছের চারা প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পাটগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









