চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ‘এম্পেরর ভার্সাস শরৎচন্দ্র’ ছবিতে এক নতুন ভূমিকায় দেখা গেছে। এবার তিনি আবির্ভূত হয়েছেন সঙ্গীত পরিচালকের ভূমিকায়। এর আগে ‘অভিমান’ ছবিতে ‘আদর’ নামে একটি গানের সুর ছিল তার। তবে এবার ‘সইতে সইতে’ নামে গানটি লিখেছেন তিনি এবং সুরও তারই।
এর আগেও চিত্রপরিচালক সঞ্জয় লীলা বানসালী, বিশাল ভরদ্বাজ নিজেদের ছবির জন্য সঙ্গীত তৈরি করেছেন। তবে গোটা একটি গান তৈরি করে ফেলছেন এক জন চলচ্চিত্র পরিচালক, তা খুব বেশি দেখা যায় না। তাই এই গান নিয়ে আলোচনা হচ্ছে। সে গান শুনেছেন শহরের পরিচিত সঙ্গীতকারেরাও।
একজন চলচ্চিত্র পরিচালকের লেখার হাত যদি ভাল হয়, তা গান লেখার ক্ষেত্রেও সাহায্য করে। এমন মনে করেন অনুপম রায়। সৃজিতের ছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন একাধিক বার। তাই পরিচালককে কাছ থেকে দেখেছেন। সুর নিয়ে সৃজিতের ধারণা কতটা, তা নিয়েও অবহিত অনুপম। ‘সইতে সইতে’ গানটি নিয়ে নির্দিষ্ট ভাবে অনুপমের মত, “এই ধরনের সুর সৃজিতদা পছন্দ করেন। সেটাই তিনি করছেন। গানের মধ্যে সুর ও কথা উভয়েরই সামঞ্জস্য রয়েছে।”
গায়ক ও গীতিকার সিধুকে গানের সুর বেশি আকর্ষণ করেছে। সৃজিতের গান প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের গান ‘শুধু তুমি এলে না’ হিন্দিতে অনুবাদ করে আমাদের উপহার দিয়েছিল। সে অনেক কাল আগের কথা। তখনই বুঝেছিলাম তার লেখায় দক্ষতা রয়েছে। তবে গানটি সৃজিত ও আমরা সকলেই হারিয়ে ফেলি। এই গানেও সেই অন্ত্যমিল ব্যবহার করেছে সৃজিত।”
সুর প্রসঙ্গে সিধুর মত, “সুর আমার একেবারে ঠিকঠাক লেগেছে। সুরের চলনে ভিন্নতা রয়েছে। একই সুর বেজে চলেছে এমন নয়। অন্তরা, সঞ্চারী সব জুড়েই বৈচিত্র রয়েছে।”
‘পৃথিবী’ ব্যান্ডের গায়ক কৌশিক চক্রবর্তীকে অবশ্য গানের কথা বেশি আকর্ষণ করেছে। তার মতে, ছবির মতোই গানের ক্ষেত্রেও সৃজিতের নিজস্ব ছাপ রয়েছে।
কৌশিকের কথায়, “সৃজিতদা অন্য ভাবে ভাবতে জানেন। সেটাই প্রকাশ পেয়েছে। গান তার ছবির বড় জায়গা জুড়ে থাকে। তাই আমার মনে হয়, সৃজিতদার এই কাজটি অনেকদিন আগেই করা উচিত ছিল। কথাগুলির ব্যবহার খুব সুন্দর প্রয়োগ রয়েছে। গানটির সঙ্গে সহজেই যোগস্থাপন করতে পেরেছি।” আর সেই কারণেই কৌশিক মনে করেন, ভবিষ্যতে সৃজিতের আরও বেশি গান বাঁধা উচিত।
এই গানটি গেয়েছেন তিমির বিশ্বাস। গানের দৃশ্যায়ন নিয়েও আলোচনা হচ্ছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় টোটা রায়চৌধুরীকে দেখেও প্রশংসা করছেন অনেকেই। ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









