টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে পিরোজপুরের কালীবাড়ি লয়াল ব্রাদারসকে হারিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে মঠবাড়িয়া নকআউট ফুটবল একাডেমি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জিয়ানগর উপজেলার কালীবাড়িহাট-বাড়ৈখালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় মঠবাড়িয়া নকআউট ফুটবল একাডেমি ও কালীবাড়ি লয়াল ব্রাদারস ১-১ গোলে সমতায় থাকে। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মঠবাড়িয়া নকআউট ফুটবল একাডেমি।
মঠবাড়িয়া নকআউট ফুটবল একাডেমির অধিনায়ক ছিলেন রুবেল। অন্যদিকে কালীবাড়ি লয়াল ব্রাদারসের অধিনায়কত্ব করেন গৌতম। ম্যাচ পরিচালনা করেন রেফারি জুম্মান শরীফ। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সুজন ও আমিরুল ইসলাম। ধারাভাষ্যকার ছিলেন মোহাম্মদ আবুল হাসানাত রিপন ও সার্জেন্ট আব্দুল জলীল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক সাইফুল ইসলাম মিন্টু হাওলাদার। এসময় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়েরহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাসুম হাওলাদার বাচ্চু ও এনামুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা শাহজাহান সিকদার এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









