নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নীলফামারী।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার নিতাই ইউনিয়নের ছলিমের বাজারের আকালি বেচাটারী এলাকায় মো. হাফিজুর রহমান (৪৭) নামে এক ব্যক্তির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি নীলফামারীর পরিদর্শক ভূপতি কুমার বর্মনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সেবনের কিছু সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে ডিএনসি।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় দোকানের মালিক হাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি আকালিপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আফামুদ্দিন। অভিযানের পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।
অভিযান শেষে পরিদর্শক ভূপতি কুমার বর্মন বলেন, ‘‘অভিযানে ১৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের কিছু সরঞ্জাম পাওয়া গেছে। হাফিজুর রহমানের বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’’
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









