‘ডেঙ্গুমুক্ত দেশ গড়বো, নিজ আঙিনা পরিষ্কার রাখবো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে পালিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর ও এর চারপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
ইউএনও বলেন, ‘‘এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাই সবচেয়ে জরুরি। নিজ নিজ আবাসন ও চারপাশের আঙিনা পরিষ্কার রাখলে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।’’
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী রায়হানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও তরুণ স্বেচ্ছাসেবীসহ এলাকার সর্বস্তরের জনগণ সক্রিয়ভাবে অংশ নেন।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি বের করা হয় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসসহ বিভিন্ন স্থানে মশক ধ্বংসকারী ওষুধ ছিটানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









