চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭) এবং মাইক্রোবাসচালক মুন্না (৪০)। অপর এক নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে যাত্রীবাহী ওই মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা দিয়েছিল। রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে গাড়িটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে একটি ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই শিশু ফেরদৌস ও মিপতা মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় চালক মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর এর চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









