জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহমদ হলের পেছনের গ্রিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হলের পেছনের গ্রিলে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান শিক্ষার্থীরা। পরে তারা পুলিশকে খবর দিলে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে এক শিক্ষার্থী বাথরুমে যাওয়ার সময় গ্রিলের সঙ্গে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি অন্য শিক্ষার্থীদের জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন।
প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া ওই যুবক সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী কিংবা পানাউল্লাহ আহমদ হলের আবাসিক শিক্ষার্থী নন।
শিক্ষার্থী সজীব বলেন, “বাথরুমে যাওয়ার সময় একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে অন্যদের ডাকি। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।”
পানাউল্লাহ আহমদ হলের হল সুপার আব্দুল্লাহ আল জাবের বলেন, “যে ছেলেটির মরদেহ উদ্ধার করা হয়েছে, সে আমাদের হল বা কলেজের কেউ নয়। কীভাবে ঘটনাটি ঘটেছে, পুলিশ তদন্ত করে তা বের করবে।”
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত যুবকের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









