চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেছেন, ‘‘বাংলাদেশের মানুষ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। এই সম্প্রীতির বন্ধনই বাঙালি জাতিকে শক্তিশালী জাতিতে পরিণত করেছে।’’
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাকসু ভিপি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। এই সম্প্রীতির বন্ধনই বাঙালি জাতিকে শক্তিশালী জাতিতে পরিণত করেছে। এ জাতির ঐক্য ও শক্তির কাছে শুধু পার্শ্ববর্তী রাষ্ট্র নয়, বিশ্বের পরাশক্তিরাও পরাজিত হতে বাধ্য।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জানান, ইসলাম কখনো কঠোর নীতিতে বিশ্বাসী নয়, বরং মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা দেয়। পোশাকের শালীনতা বজায় রেখে নারীরা দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে তিনি কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করার আহ্বান জানান। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় বাগাতিপাড়া থানা শিবিরের সভাপতি হাফেজ শাহিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন এবং নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ রনি প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









