নির্বাচনী এলাকায় যেকোনো উন্নয়নমূলক কাজে কোনো ধরনের দুর্নীতি বা ঘুষ বাণিজ্য বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। ঠিকাদারদের মানসম্মত কাজ উপহার দেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ রাখতে হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় আমুয়া জিরো পয়েন্টে কাঠালিয়া-আমুয়া আঞ্চলিক মহাসড়কের ১৫ কিলোমিটার অংশের সংস্কার কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এসব কথা বলেন।
ঝালকাঠি সড়ক বিভাগ জানায়, রাজাপুর কাঠালিয়া ও আমুয়া ৩৪ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়কের প্রথম পর্যায়ে কাঠালিয়া-আমুয়া অংশের ১৫ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন গোলদারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মকবুল হোসেন, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









