ঝালকাঠির নলছিটিতে দীর্ঘ পাঁচ বছর ধরে অসমাপ্ত থাকা সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নলছিটি-বরিশাল মহাসড়কের মল্লিকপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০-২১ অর্থবছরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০২ এর আওতায় মল্লিকপুর-সূর্যপাশা ও শংকরপাশা-দক্ষিণ গৌড়িপাশাসহ মোট আটটি সড়কের কাজের জন্য পৌনে দুই কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিন্স কনস্ট্রাকশন, খন্দকার ব্রাদার্স ও খান এন্টারপ্রাইজ পাঁচ বছরেও কাজ শেষ করেনি।
সড়কগুলো বর্তমানে খানাখন্দে পরিণত হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্প্রতি সূর্যপাশা এলাকায় অগ্নিকাণ্ডের সময় ভাঙাচোরা রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আটকে গিয়ে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পৌরসভা নিয়মিত ট্যাক্স আদায় করলেও নাগরিক সুবিধা দিচ্ছে না। দ্রুত সড়ক নির্মাণ না হলে পৌরসভা বাতিলের দাবি জানান তারা। আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু না হলে মহাসড়ক অবরোধ ও পৌর ট্যাক্স দেওয়া বন্ধের আল্টিমেটাম দেন ভুক্তভোগীরা।
কর্মসূচিতে স্থানীয় মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, নজরুল ইসলাম তালুকদার, ব্যবসায়ী মনির হোসেন, আব্দুস সালাম, প্রভাষক নাসির উদ্দীন, বালী তাইফুর রহমান তূর্যসহ শতাধিক অধিবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









