লন্ডনে জমকালো আয়োজনে আগামী ২৬ অক্টোবর দেওয়া হবে সেরা ফুটবলারকে সম্মানিত করার পুরস্কার ব্যালন ডি’অর। এখনও দেড় মাসের মতো বাকি থাকলেও এই পুরস্কারের দাবিদার কে, তা নিয়ে কথার লড়াই চলছে। রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের পর বার্সেলোনার লামিন ইয়ামালও প্রকাশ্যে নিজেকে ব্যালন ডি’অরের যোগ্য বলে দাবি করেছেন। বিষয়টি ভালো লাগেনি সাবেক বার্সেলোনা তারকা আবেলারদো ফার্নান্দেজের।
মুভিস্টার প্লাসের একটি অনুষ্ঠানে ইয়ামালের মন্তব্য সংবাদপত্র স্পোর্ট প্রকাশ করেছে। ইয়ামাল বলেন, ‘আমি ব্যালন ডি’অর কাকে দেব? আমি সত্যিই মনে করি, সম্ভবত দুজন খেলোয়াড় আছেন, যারা বিশ্বসেরা। কিন্তু আমার মনে হয়, আমি যা জিতেছি, তার কারণে এ বছর আমি এটি পাওয়ার যোগ্য।’
স্পেনের বিশ্বকাপজয়ী এই তরুণ তারকার চোখে বিশ্বসেরার তালিকায় থাকা দুজনের নামও জানতে চাওয়া হয়। জবাবে ইয়ামাল বলেন, ‘আমার কাছে কিলিয়ান এমবাপে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে, তারা তা ভালো করেই জানে।’
ইয়ামালের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে কঠিন কথা শুনিয়েছেন আবেলারদো। নব্বইয়ের দশকের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলা সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘তুমি এটা ভাবতে পার, কিন্তু বলতে পার না। আমি তেমনটা মনে করি না, কারণ এটা তোমাকে খারাপভাবে উপস্থাপন করে।’
বার্সেলোনার হয়ে দুটি লা লিগা জয়ী আবেলারদোর মতে, ইয়ামাল আরও সংযতভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করতে পারতেন। তিনি বলেন, ‘এটা নিয়ে তুমি ভাবতে পার এবং বলতে পারতে, আমি সম্ভবত শক্তিশালী প্রার্থীদের মধ্যে আছি। কিন্তু তুমি কোনোভাবেই জান না যে এই পুরস্কার কার হাতে উঠবে।’
স্পেনের হয়ে ৫৪ ম্যাচ খেলা আবেলারদো ইয়ামালের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে লিওনেল মেসির উদাহরণও টানেন। তিনি বলেন, ‘লামিনের কথা আমার পছন্দ হয়নি। আমি কখনও মেসিকে এমন কথা বলতে শুনিনি, যে ছিল ফুটবল ঈশ্বর।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









