সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও হারানো মালামাল উদ্ধারে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ায় উদ্ধারকৃত ৩৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর ফোনগুলো উদ্ধার করে কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম উদ্ধার হওয়া ফোনগুলো স্ব-স্ব মালিকের হাতে তুলে দেন। এতদিন পর হারানো হ্যান্ডসেটটি ফিরে পেয়ে উপস্থিত মালিকেরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মোবাইল ফোন হস্তান্তরের পর উপস্থিত নাগরিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ দেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, "বর্তমান সময়ে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হতে হবে। গণপরিবহন, বাজার কিংবা জনবহুল স্থানে চলাচল এবং ব্যবহার বা বহনের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করলে মোবাইল হারানোর ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।"
তিনি আরও বলেন, ডিজিটাল জগতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবা পৌঁছে দিতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় সাইবার অপরাধ দমন এবং হারানো মালামাল দ্রুত উদ্ধারে জেলা পুলিশের এ ধরনের জনকল্যাণমূলক অভিযান অব্যাহত রাখতে কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটকে বিশেষ নির্দেশ প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ এবং কুষ্টিয়া পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
উল্লেখ্য, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে নিকটস্থ থানায় জিডি (সাধারণ ডায়েরি) করার পর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সেই সূত্র ধরে আধুনিক ট্র্যাকিং ও তদন্তের মাধ্যমে মালামাল উদ্ধার করে থাকে। জেলা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও উপকারভোগীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









